চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হলেও তিনি নির্বাচন করতে পারবেন এ কথা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, দেশে আর কোনো দিন এক দলীয় নির্বাচন হবে না।
শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি-জোটের শরিক দল লেবার পার্টি পিলখানা ট্র্যাজেডি স্মরণে আলোচনায় এ কথা বলেন তিনি।
মওদুদ বলেন, বিএনপির আন্দোলন ও নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলবে।
দুটি ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিচার চলছে। বিচার আত্মপক্ষ সমর্থন পর্যায়ে আছে, বিএনপির নেতারা আশঙ্কা করছেন, দ্রুত তার সাজা হবে।
খালেদা জিয়ার সাজা হলে দল বিভাবে চলবে, তিনি নির্বাচন করতে পারবেন কি না, এসব বিষয়ে মওদুদ বলেন, খালেদা জিয়ার শাস্তি হলে নির্বাচন করতে পারবেন না, এটা ঠিক নয়। মিথ্যা মামলায় সাজা হলে খালেদা জিয়ার জনপ্রিয়তা আরো বাড়বে।
মওদুদ বলেন, ‘ধরে নিলাম মিথ্যা মামলায় একটি রায়ে তার (খালেদা জিয়া) সাজা হলো ভালো কথা, আমরা আপিল ফাইল করব। আপিলটা হলো কনটিনিউশন অব দা প্রসিডিংস— অর্থাৎ যে বিচার হয়েছে, এটা হলো সে বিচারের ধারাবাহিকতা। তখন আমরা তার জন্য জামিন নেব। খালেদা জিয়া সাজাপ্রাপ্ত হলেও নির্বাচনে সরাসরি অংশ গ্রহণ করতে পারবেন।’
নির্বাচন কমিশন বা নির্বাচনকালীন সহায়ক সরকারও বড় কথা নয়— গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে সবার জন্য সমান অধিকার নিশ্চিত এবং এখন থেকেই সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে। সব নেতা-কর্মীর নামে থাকা মামলা প্রত্যাহার করে নিতে হবে তাহলে বোঝা যাবে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের সম্ভাবনা আছে বলে মন্তব্য করেন তিনি।
মওদদু আহমদ অভিযোগ করেন, বিডিআর বিদ্রোহ দমনে সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নেয়নি। কারা এই সেনা কর্মকর্তাদের হত্যার পেছনে ছিল, কী উদ্দেশ্য ছিল এসব জনগণকে জানাতে হবে। কেউ এর দায় এড়াতে পারে না।