সংবিধান অনুযায়ী অন্তবর্তী সরকারে বিএনপির থাকার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে দলের ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নিবন্ধন বাতিলের ঝুঁকি নিয়ে আরেকটি নির্বাচনে অংশ না নেয়ার ভুল করবে না বিএনপি বলেও মনে করেন আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক।
সংবিধান আর নির্বাচন কারো জন্য বসে থাকে না— এ কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সংবিধান অনুযায়ী অন্তবর্তী সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন।
তিনি আরো বলেন, ৫ জানুয়ারি যেমন নির্বাচন থেমে থাকেনি তেমনি এবারও থাকবে না। সহায়ক সরকার নয় নির্বাচনকালীন সময়ে দায়িত্বে থাকবে অন্তবর্তীকালীন সরকার আর এটি গঠিত হবে সংবিধান মোতাবেক।
এ সময় আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে ঐক্যবদ্ধ রাখতে কমিটি বিলুপ্ত ও বহিষ্কার বন্ধের জন্য তৃণমূলে চিঠি পাঠানো হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।