আলাপ-আলোচনার মাধ্যমে নির্বাচনকালীন সহায়ক সরকার গঠিত না করা হলে বিএনপি কঠোর আন্দোলনে নামবে বলে হুশিয়ারি দিয়েছেন নেতারা। সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় নতুন প্রধান নির্বাচন কমিশনার ব্যর্থ হয়েছেন বলেও অভিযোগ করেছেন তারা।
এ সময় প্রধানমন্ত্রীর আসন্ন সফরে ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে নেতারা বলেন, এটি হলে দেশে সার্বভৌমত্ব থাকবে না।
শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার সংবাদ সম্মেলনে ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি হলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলে সমালোচনা করেন দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।
নতুন নির্বাচন কমিশন সরকারের পৃষ্ঠপোষকতার দায়িত্ব পেয়েছেন— উল্লেখ করে তিনি বলেন, এ কমিশন দিয়ে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনায়- সংলাপের মাধ্যমে নির্বাচনকালীন সহায়ক সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
এছাড়াও প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করেই বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশ নিবে বলে জানান দলের ভাইস চেয়ারম্যান আব্দুলাহ আল নোমান।