গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে বিএনপি ক্ষমতায় আসেনি বরং আওয়ামী লীগই প্রতিবেশী দেশ ভারতের কৃপায় রাষ্ট্রক্ষমতায় টিকে আছে- এ অভিযোগ করেছেন বিএনপি নেতারা।
তারা বলেন, এজন্যই তিস্তার পানি না পেলেও ভারতকে ট্রানজিট দেয়া হয়েছে; করা হচ্ছে গোপন সামরিক চুক্তি।
প্রহসন নয়, সুষ্ঠু নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগের সব অপকর্মের বিচার করার কথাও বলেন তারা।
‘গ্যাস বিক্রির শর্তে রাজি না হওয়ায় ২০০১ সালের নির্বাচনে হারতে হয়েছে’- অতীতে নিজের বক্তৃতায় একথা বেশ কয়েকবারই বলেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তবে, শনিবার এক অনুষ্ঠানে সরাসরি ভারতের গোয়েন্দা সংস্থা ‘র' এবং যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ওই নির্বাচনে পরিকল্পিতভাবে হারানো হয়েছিল আওয়ামী লীগকে।
প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়া দিয়েছেন বিএনপি নেতারা। রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনায় দলটির জ্যেষ্ঠ নেতা নজরুল ইসলাম খান বলেন, ষড়যন্ত্র করে বিএনপি ক্ষমতায় আসেনি বরং ভারতকে উপঢৌকন দিয়ে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ।
ক্ষমতার পালাবদল হলে আওয়ামী লীগের সব অপকর্মের বিচার হবে তাই তারা সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায়-এমন মন্তব্যও করেন তিনি।
আন্দোলনের মাধ্যমেই জনগণের অধিকার আদায় করা হবে বলে হুঁশিয়ারি দেন দলের অন্য নেতারা।