সরকার যখন সফলভাবে জঙ্গি দমন করে যাচ্ছে এবং বিশ্বে প্রশংসিত হচ্ছে তখন বিএনপি নেতাদের বক্তব্যে জঙ্গিদের উস্কানি দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মো. নাসিম।
মঙ্গলবার বিকেলে ১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সম্প্রতি জঙ্গিরা যা ঘটাচ্ছে তা বিচ্ছিন্ন ঘটনা— প্রধানমন্ত্রীর ভারত সফরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই অমীমাংসিত বিষয়গুলো সুরাহা হবে।
বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিকেলে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে বৈঠকে বসে কেন্দ্রীয় ১৪ দলের নেতারা। সভায় সিদ্ধান্ত হয়, ২৫শে মার্চ, জাতীয় গণহত্যা দিবসে সকালে মিরপুরে ১০ নম্বরে এবং ৩০ মার্চ খুলনার চুকনগরে সমাবেশ করবে ১৪ দল।
সভাশেষে সংবাদ সম্মেলনে জোটের মুখপাত্র মো. নাসিম এ কর্মসূচি ঘোষণা করেন। এসময় সম্প্রতি কয়েকটি জঙ্গি তৎপরতাকে বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেন তিনি।
এ সময় নাসিম অভিযোগ করেন, সরকার যখন সফলভাবে জঙ্গি দমন করে যাচ্ছে তখন বিএনপি নেতাদের জঙ্গিদের জন্য দরদ উতলে উঠছে যা দুঃখজনক।
১৪ দলের শরীক সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার নেতৃত্বে একটি টিম কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার পক্ষে প্রচারণার জন্য আগামী ২৩ তারিখ কুমিল্লা যাবে বলেও সিদ্ধান্ত হয়েছে সভায়।