নারায়ণগঞ্জের পর কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন সম্ভব— বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।
সিটি করপোরেশন নির্বাচন দিয়ে জাতীয় নির্বাচনকে বিচার করলে হবে না— উল্লেখ করে নেতারা বলেন, বিএনপি নির্বাচনে আসুক, তখনই জনআস্থা কোনো দলের প্রতি তা বোঝা যাবে।
শুক্রবার সকালে গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বিআরটিএ'র ফ্লাইওভার নির্মাণ কাজের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুর কাদের।
সাংবাদিকদের সঙ্গে আলাপকাল তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার।
এদিকে, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইউনাইটেড ইসলামিক পার্টির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, স্থানীয় সরকার নির্বাচন দিয়ে সরকারের প্রতি জনগণের আস্থা-অনাস্থা বোঝার উপায় নেই।
এ সময় সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে জানিয়ে আওয়ামী লীগ নেতারা ঐক্যবদ্ধ থাকতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।