ভারতের সঙ্গে দেশবিরোধী প্রতিরক্ষা চুক্তি করলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছে বিএনপি নেতারা।
দলটির নেতারা অভিযোগ করেছেন, নতজানু নীতির কারণেই পানির ন্যায্য হিস্যা আদায়ে তৎপর না হয়ে প্রতিরক্ষা চুক্তি করতে উন্মুখ হয়ে আছে সরকার।
প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তার পানি আদায়ের ইস্যুই সর্বাধিক গুরুত্ব পাওয়া উচিৎ বলেও মনে করেন বিএনপি নেতারা।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ক্ষমতায় টিকে থাকতে সরকার আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি।
র্যা ব অন্যায়-অপকর্মে জড়িয়ে পড়েছে মন্তব্য করে এ সংস্থাকে নিষিদ্ধের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
ভারতকে খুশী করতেই প্রধানমন্ত্রী তিস্তাসহ অন্যান্য নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে তৎপর না হয়ে প্রতিরক্ষা চুক্তি করছে বলে অভিযোগ করেন রিজভী।
এদিকে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠান শেষে দলের জ্যেষ্ঠ নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের জনগণকে না জানিয়ে ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করছে সরকার।
বিএনপি ভারত বিরোধীতা করছে না বরং দেশের জনগণের অধিকার আদায়ের জন্য সোচ্চার বলেও মন্তব্য করেন তিনি।