প্রধানমন্ত্রীর ভারত সফর ব্যর্থ— কেবল আশ্বাস ছাড়া প্রধানমন্ত্রী ভারত থেকে কিছুই আনতে পারেননি বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার বিকেলে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, শেখ হাসিনা ভারতকে সব দিয়ে ফিরেছেন খালি হাতে। বাংলাদেশের জনগণকে অন্ধকারে রেখে সরকার ভারতের সঙ্গে সমঝোতা ও চুক্তি করেছে। তার (শেখ হাসিনা) সফর সফল হয়েছে বলে প্রধানমন্ত্রী দাবি করলেও, এতে জনগণের আশা পূরণ হয়নি।
প্রতিরক্ষা সমঝোতাসহ প্রধানমন্ত্রীর সফরে বিভিন্ন চুক্তি স্বাক্ষরেরও সমালোচনা করে বিএনপি চেয়ারপারসন বলেন, জনসাধারণের মতামতকে উপেক্ষা করে সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সংবাদ সম্মেলনে যেসব সাফল্যের চিত্র তুলে ধরেছে তা বেশিরভাগ অসত্য বলেও অভিযোগ করেন খালেদা জিয়া।
তিনি আরো বলেন, বিএনপি সবসময় জনগণের রায়ে ক্ষমতায় এসেছে। বিএনপি চায় না অন্য কোনো দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করুক।