সরকারের সদিচ্ছার অভাব এবং নতজানু মনোভাবের কারণেই প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তার পানির সুরাহা হয়নি বলে অভিযোগ বিএনপির নেতাদের। সরকারের গণতান্ত্রিক ভিত্তি না থাকার কারনে কোনো অর্জন ছাড়াই দেশের সার্বভৌমত্ব অন্যের হাতে তুলে দিয়ে প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন বলেও মন্তব্য করেছেন তারা।
সোমবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত সভায় ইলিয়াস আলীর স্বজন, সিলেটের নেতাকর্মী এবং বিএনপির সিনিয়র নেতারা ছাড়াও ঢাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, কেবলমাত্র নিজেরা ঐক্যবদ্ধ হলেই সরকারের পতন ঘটিয়ে গুম-খুন বন্ধ করা সম্ভব হবে।
ইলিয়াস আলী গুম হওয়ার পেছনে সরকারী সংস্থার হাত রয়েছে— অভিযোগ করে বক্তারা বলেন, টিপাইমুখ বাধ নিয়ে সোচ্চার হওয়ার কারণেই তার এ পরিণতি হয়েছে।
এখনো তিস্তার পানি নায্য হিস্যা আদায় করতে না পারার জন্য সরকারকে দোষারোপ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তার পানি সমস্যার সমাধান না হওয়ার জন্য সরকারকে দায়ী।
তিনি আরো বলেন, নিজেদের মধ্যে ঐক্য না থাকার কারনেই সরকার বিএনপির নেতা-কর্মীদের গুম-খুন ও নির্যাতন চালাচ্ছে।
নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব।