হাওরাঞ্চলের দুরবস্থার জন্য ভারতকে দায়ী করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের প্রয়োজনের সময় ভারত বাঁধ দিয়ে পানি আটকে রাখে এবং বেশি হলে ছেড়ে দেয় তাই উজান থেকে নেমে আসা সে পানির জন্যই ডুবছে হাওর।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আন্তর্জাতিক আইন অনুযায়ী পানি বন্টন নিশ্চিত করতে সরকারকে জাতিসংঘের দ্বারস্থ হওয়ার পরামর্শও দিলেন বিএনপি মহাসচিব।
ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা প্রশ্নে সরকার উদাসীন বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
এ সময় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতেও সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে এক স্মরণ সভায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকতে গণতন্ত্রের বদলে স্বৈরতন্ত্র কায়েম করেছে সরকার।
প্রসঙ্গত, হাওরে বন্যা পরিস্থিতি নিয়ে বিএনপির অভিযোগ ছিল সেখানে পর্যাপ্ত ত্রাণ দিচ্ছে না সরকার। পানিতে রাসায়নিকের কারণে মাছ মরছে বলেও দাবি ছিল দলের নেতাদের। এবার অতিরিক্ত পানির জন্য ভারতকে দায়ী করলেন তারা।