হাওরে বন্যা কবলিত এলাকায় বিএনপির ত্রাণ সহায়তার কর্মসূচি সরকার বানচাল করে দিয়েছে বলে অভিযোগ করেছে দলটি। হাওরাঞ্চলে সরকারী সহায়তা অপ্রতুল এবং ওই অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবিও জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।
এছাড়াও শ্রমিক দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে শ্রমিক সমাবেশের অনুমতি না দেওয়াকে সরকারের প্রতিহিংসামূলক আচরণ বলে মন্তব্য করেছেন নেতারা।
হাওর এলাকার বন্যা পরিস্থিতি নিয়ে দলের অবস্থান ও বক্তব্য তুলে ধরতে বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে সংবাদ সম্মেলন ডাকে বিএনপি।
এ সময় দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর সফরের অযুহাতে বিএনপির প্রতিনিধি দলের ত্রাণ সহায়তা কর্মসূচি বানচাল করেছে প্রশাসন।
ওই অঞ্চলে সরকারী সহায়তা লোক দেখানো দাবি করে ত্রাণ তৎপরতা বাড়ানোর আহ্বান জানান তিনি।
পহেলা মে সরকার শ্রমিক সমাবেশ করার অনুমতি দিচ্ছে না বলে অভিযোগ করেন রিজভী। ২ অথবা ৩ মে সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশের অনুমতি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে, জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু হাওর এলাকায় জরুরী ত্রাণ সহায়তা পৌঁছে দিতে সরকারকে দাগিদ দেন। ।
দেশের রাজনৈতিক সংকট নিরসনে বিএনপির চেয়ারপারসন সঙ্গে আলোচনায় বসতেও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।