আগামী নির্বাচন নিয়ে যে যতো ফর্মুলা দিক না কেন এতে কাজ হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে আলোচনা আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।
ফর্মুলা না দিয়ে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মাদ নাসিম বলেন, দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকায় আওয়ামী লীগ নেতাকর্মীরা বেসামাল হয়ে গেছেন।
তিনি আরো বলেন, সকল সরকারি মেডিকেল কলেজগুলোকে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে আসা হবে। ছাত্র না পেলে বেসরকারি মেডিকেল কলেজগুলো বন্ধ করে দেয়া হবে।
নির্বাচনে জিততে হলে শুধু উন্নয়ন দিয়ে হবে না, নেতাকর্মীদের আচরনে পরিবর্তন করতে হবে বলেও জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য।
আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে হবে উল্লেখ করে তিনি আরো বলেন, সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।
বিএনপি-জামাতের সব ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান মোহাম্মাদ নাসিম।