আওয়ামী লীগকে গণবিরোধী— শ্রমিকবিরোধী বলে আখ্যায়িত করেছে বিএনপি। সোমবার সকালেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজির হন শ্রমিক দলের কয়েক হাজার নেতাকর্মী। র্যা লীর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন ক্ষমতাসীন সরকারের কারণে এখনো ন্যায্য অধিকার পাচ্ছে না শ্রমিকরা।
মে দিবসে শ্রমিক দলের কর্মসূচিতে বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতায় এসে শ্রমিকদের করেছে অধিকার হারা; দেশকে বানিয়েছে দুর্নীতির আখড়া।
সরকারকে ক্ষমতা থেকে নামানো এখন সময়ের দাবি বলেও মন্তব্য করেছেন বিএনপি নেতারা।
মে দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পেয়ে শেষ পর্যন্ত শ্রমিক র্যালী করার সিদ্ধান্ত নেয় শ্রমিক দল।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জোর করে ক্ষমতায় টিকে রয়েছে সরকার। ক্ষমতাসীন দলের লোকেরা যে দুর্নীতি আর লুটপাট করছে তা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যেই স্পষ্ট হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে শুরু হয় শ্রমিক দলের র্যা লী। কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ করতে সহযোগিতা করে আইন-শৃঙ্খলা বাহিনী। এতে শ্রমিক দলের কয়েক হাজার নেতাকর্মী ছাড়াও বিএনপির মহাসচিবসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা অংশ নেন।
র্যা লীটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর মোড় ঘুরে আবার নয়াপল্টনে গিয়ে শেষ হয়।