আগামী জাতীয় সংসদ নির্বাচনের যে রোডম্যাপ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)— সেটিকে ইতিবাচক হিসেবে দেখছে আওয়ামী লীগ বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার রাজধানীর কমলাপুরে বিআরটিসি'র শ্রমিক-কর্মচারিদের বকেয়া বেতনের চেক প্রদানকালে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এ রোডম্যাপ কোনো আগাম নির্বাচনের ইঙ্গিত বহন করছে না। নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়েই হবে।
ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রীসেবা নিশ্চিতে বিআরটিসির ৯০০টি বাস যাতায়াত করবে— উল্লেখ করে তিনি বলেন, ঈদের ৭ দিন আগে থেকে শুরু হবে অগ্রিম টিকেট বিক্রি আর ২২জুন থেকে শুরু হবে ঈদ স্পেশাল সার্ভিসের বাস।
বিআরটিসিতে দুর্নীতি-অনিয়ম বন্ধ করে একে লাভবান প্রতিষ্ঠানে পরিণত করতে সকল কর্মকর্তা কর্মচারীদের একযোগে কাজ করতে বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। এর আগে ২১ জন বিআরটিসির শ্রমিক-কর্মচারীর হাতে বকেয়া বেতনের চেক তুলে দেন তিনি।