বিএনপি ক্ষমতায় থাকাকালীন দলবাজি করে বিচার বিভাগকে ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ আমলে বিচার বিভাগ স্বাধীন বলেই সরকারদলীয় মন্ত্রী, সংসদ সদস্যরা আদালতে হাজিরা দেন, যা বিএনপির আমলে কল্পনাই করা যেত না বলেও জানান তিনি।
বৃহস্পতিবার সকালে দলের ধানমন্ডি কার্যালয়ে গাজীপুর, মাদারীপুর নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লা মহানগরের নেতাদের হাতে সদস্য সংগ্রহের রশিদ বই বিতরণ শেষে তিনি এ কথা বলেন।
দলে অনুপ্রবেশ ঠেকাতে নতুন সদস্য সংগ্রহের সময় ভালোভাবে যাচাই করতে জেলার নেতাদের নির্দেশ দেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, এরইমধ্যে অন্য দল থেকে যারা আওয়ামী লীগে যোগ দিয়ে দলীয় পদ ও স্থানীয় জনপ্রতিনিধি হয়েছেন তাদের সদস্যপদ নবায়ন করা হবে না। বিএনপির মতো আওয়ামী লীগ সাংবিধানিক পদে কোনো দলীয় লোক বসায়নি।
আগামী জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে দলের দাবি জোরালো জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।