অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি নিয়ে সরকার মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির নেতারা বলেছেন, বিষয়টি নিয়ে সরকার ধোঁয়াশা সৃষ্টি করছে; মূলত উন্নয়ন হচ্ছে সরকারদলীয় নেতাকর্মী, এমপি-মন্ত্রীদের পকেটের।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনায় নেতারা অভিযোগ করেন, একদলীয় শাসন কায়েম করে দেশের রাজনৈতিক ব্যবস্থা ভেঙ্গে ফেলা হয়েছে। সহায়ক সরকারের অধীনে নির্বাচনে জয়ী হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয়ও ব্যক্ত করেন বিএনপি নেতারা।
বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে দলটি।
সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সভায় বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জ্যেষ্য নেতারা। মির্জা ফখরুল অভিযোগ করেন প্রবৃদ্ধি নিয়ে জনগণকে ভুল তথ্য দিচ্ছে সরকার।
সরকারের দুঃশাসনে জনগণ অতিষ্ট দাবি করেন তিনি বলেন, এ অবস্থা থেকে মুক্তি পেতে সুষ্ঠু জাতীয় নির্বাচনের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার গঠনের কোনো বিকল্প নেই।
দলের অন্য নেতারা বলেন, শিগগিরই সহায়ক সরকারের রূপরেখা তুলে ধরা হবে বিএনপির পক্ষ থেকে।
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শামিল হতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয় সভা থেকে।