শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল ও দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করে মঙ্গলবার পালিত হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী। এসব কর্মসূচিতে যোগ দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের নেতাকর্মীরা।
এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বিএনপিকে নিশ্চিহ্ন করে একদলীয় শাসন কায়েম করতে চাইছে সরকার। লেভেল প্লেইং ফিল্ড ছাড়া নির্বাচন কমিশনের রোডম্যাপকে অর্থহীন।
বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেশ কয়েকদিনের কর্মসূচি রয়েছে দলটির। দলের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার সকাল থেকেই শেরেবাংলা নগরে জিয়ার সমাধি প্রাঙ্গণে হাজির হন দলের নেতাকর্মীরা।
দলের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। দলের বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় দলের প্রতিষ্ঠাতার সমাধিতে।আপস.
পরে তার আত্মার শান্তি কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়। এছাড়া, ওলামা দল আয়োজিত দোয়া মাহফিলেও অংশ নেন বিএনপি চেয়ারপারসন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, দেশে এখন গণতন্ত্রের সংকট চলছে।
এছাড়া, তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনে সব দলের সমান সুযোগ সৃষ্টি না করে কমিশন একতরফা নির্বাচনের পথেই হাঁটছে।
গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন মির্জা ফখরুল।
পরে, ধানমন্ডি, আজিমপুর, লালবাগ, নয়াবাজারসহ রাজধানীর বিভিন্ন জায়গায় দুঃস্থদের মাঝে পরিধেয় বস্ত্র বিতরণ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবারও রাজধানীর বিভিন্ন স্থানে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করার কথা রয়েছে তার।