পাঁচ জানুয়ারির মতো দেশে আর কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ার করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি যা হয়েছে, দেশে এমন কোনো নির্বাচন আর হবে না। আওয়ামী লীগ যদি ভাবে, বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দি করে রেখে ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচন করবে, তাহলে তারা ভুল করবে।
বিএনপি মহাসচিব আরো বলেন, অবাস্তব-কাল্পনিক বাজেট দিয়ে লুটপাটের রাজত্ব কায়েম করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে সরকার। এখন ব্যাংক লুটের ঘাটতি মেটানো হচ্ছে জনগণের পকেট কেটে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে ফখরুল বলেন, আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।