এ অর্থবছরের বাজেটকে নির্বাচনী প্রচারণার ধাপ্পাবাজি হিসেবে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বাজেট নিয়ে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় ফখরুল এ কথা বলেন।
২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘বঞ্চনার বাজেট’ হিসেবে উল্লেখ করে এ বাজেট জনগণের কাছে গ্রহণযোগ্য নয় উল্লেখ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘চার লাখ ২৬৬ কোটি টাকার বাজেটে ১ লাখ ১২ হাজার ২৭৫ কোটি টাকার ঘাটতি দেখিয়ে যে বিরাট আকারের বাজেট- এর অর্থ কী? এটা নিছক বিরাট অংকের বাজেট প্রচারণার ধাপ্পাবাজি ছাড়া আর কিছুই নয়। এ বাজেট মানুষকে বোকা বানানোর বাজেট প্রতারণার বাজেট।
তিনি বলেন, এটি বঞ্চনার বাজেট, জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।
এই বাজেট বাস্তবায়নযোগ্য নয় বলেও মন্তব্য করে তিনি বলেন, এই বাজেটের কিছু প্রস্তাব অর্থনীতি ব্যবস্থাকে বড় ধরনের ঝুঁকির মধ্যে ফেলবে।
জনগণের সামনে উন্নয়ন দৃশ্যমান করতে গিয়ে দুর্নীতির সুযোগ তৈরি করে দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
ফখরুল বলেন, এ বাজেটের কিছু কিছু প্রস্তাব আমাদের অর্থনৈতিক ব্যবস্থাকে বড় ধরনের ঝুঁকির মধ্যে ফেলতে পারে। লোকের চোখে দৃশ্যমান উন্নয়ন করতে গিয়ে, দ্বিগুন চারগুন অর্থ ব্যয় করে একদিকে সম্পদের অপচয় ঘটানো হচ্ছে, অন্যদিকে রেন্ট-সিকিং বা দুর্নীতির সুযোগ করে দেয়া হচ্ছে।