প্রস্তাবিত বাজেট সংশোধিত আকারে পাস হলে বিএনপির ঈদের পর আন্দোলনের ইস্যু মাঠে মারা যাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার রাজধানীর বুয়েট মিলনায়তনে ছাত্রলীগের বিভিন্ন সাংগঠনিক জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে দুই দিনের বর্ধিত সভা ও প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ছাত্রলীগের বর্ধিত সভায় ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করার ইচ্ছে নেই আওয়ামী লীগের।
আগামী নির্বাচনকে সামনে রেখে প্রতিটি নির্বাচনী এলাকায় ছাত্রলীগের একটি করে নির্বাচনী কমিটি করারও নির্দেশ দেন তিনি।
দশম সংসদ নির্বাচনে বিএনপি নিজে থেকেই অংশ নেয়নি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, কাউকে বাদ দিয়ে নির্বাচন করতে চায় না আওয়ামী লীগ।
প্রস্তাবিত বাজেট নিয়ে বিএনপি মহাসচিবের সমালোচনার জবাবে তিনি বলেন, সংশোধিত বাজেট পাস হলে বিএনপির মুখ বন্ধ হয়ে যাবে।
আরেক আলোচনা প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, আগামী নির্বাচনে সংবিধানের কোনো ব্যতয় হবে না।
আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্বে ছাত্রলীগের নেতাকর্মীদের কোনো পক্ষ না নেয়ার পরামর্শ দেন তিনি। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দলের বিরুদ্ধে সকল অপপ্রচারের জবাব দেওয়ার আহ্বান জানান।
এর আগে শিল্পকলা একাডেমিতে আরেক আলোচনা সভায় প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, বিএনপিকে নির্বাচনে আসতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আসতে হবে।