আন্দোলনের নামে বিএনপি যদি আবারও জ্বালাও-পোড়াও করে তা কঠোর হস্তে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ নেতা মো. নাসিম।
এ সময় সংবিধান মেনে যথাসময়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
আরেক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর হামলার ঘটনায় বিএনপি নেতারা মিথ্যাচার করছে বলেও সমালোচনা করেছেন নেতারা।
রাজনৈতিক ইস্যু তৈরির জন্য বিএনপিই এ ঘটনা ঘটিয়েছিল কি-না তা খতিয়ে দেখা দরকার বলেও মন্তব্য করেছেন তারা।
শনিবার রাজধানীতে পৃথক অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা এসব কথা বলেন।
জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
বিএনপি ঘোষিত ঈদের পরের আন্দোলন নিয়ে এ সময় কথা বলেন আওয়ামী লীগ নেতারা।
মো. নাসিম বলেন, আন্দোলনের নামে নৈরাজ্য চালানো হলে তা মেনে নেয়া হবে না, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সহায়ক সরকারের অধীনে কোনো নির্বাচন অনুষ্ঠানের সুযোগ নেই বলেও জানান তিনি।
এদিকে, ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতাদের ওপর তারা দোষ চাপাচ্ছেন বলে অভিযোগ করেন হাছান মাহমুদ।
এ ঘটনায় বিএনপির রাজনৈতিক কোনো ইস্যু তৈরির ষড়যন্ত্র ছিল কি-না এ নিয়ে প্রশ্নও তুলেন আওয়ামী লীগের এ নেতা।