বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদকে সপরিবারে উচ্ছেদের পর রোববার রাজধানীর গুলশানের সেই বাড়িটি ভাঙার কাজ শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সকাল ৯টার পর রাজউক কর্মীরা গুলশান এভিনিউয়ের ১৫৯ নম্বর হোল্ডিংয়ের ওই বাড়ি ভাঙা শুরু করেছেন।
আর এ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ওয়ালিউর রহমান।
এ সময় তিনি সাংবাদিকদেরর বলেন, মওদুদ আহমদের বাড়ি না, রাজউকের নথিতে এ বাড়ির কোনো নকশা ছিল না,এটি নকশা অনুমোদনহীন। এ কারণে বাড়িটি ভাঙা হচ্ছে।
রাজউক কর্মীরা যন্ত্রপাতি দিয়ে একতলা ভবনটি ভাঙার কাজ করছেন। কয়েকটি ট্রাক সেখানে রাখা হয়েছে।
৭ জুন আইনি লড়াইয়ে হেরে যাওয়ার পর গুলশান–২ নম্বরের ১৫৯ নম্বর বাড়িটি ছাড়তে হয় মওদুদ আহমদকে। রাজউকের সম্পত্তি শাখা বাড়িটি বুঝে নেয়। বাড়ি থেকে মালামাল সরানোর কাজ চলার মধ্যেই ওই দিন সন্ধ্যায় একটি প্রাইভেট কারে করে মওদুদ আহমদ সেখান থেকে চলে যান। ওই বাড়ির মালামাল গুলশান-২-এর ৫১ নম্বর সড়কের ২ নম্বর বাড়ির ছয় তলা ভবনে মওদুদ আহমদের নিজস্ব একটি ফ্ল্যাটে রাখা হয়।
উল্লেখ, ১৯৭২ সাল থেকে গুলশানের বাড়িটিতে বসবাস করে আসছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
প্রথমে ছিলেন ভাড়াটিয়া পরে ভাইয়ের নামে জাল কাগজপত্র তৈরি করে তিনি বাড়িটির মালিকানা দাবি করেন। এভাবে দীর্ঘ ৪৫ বছর বৃহৎ আয়তনের বিলাসবহুল বাড়িটি নিজের দখলে আনেন।