রাজধানীর গুলশানের বাড়ির কোনো নকশা নেই- রাজউকের এমন অভিযোগের প্রতিবাদ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।
রোববার সকাল থেকে রাজউক বাড়িটি ভাঙার কাজ শুরু করলে তাৎক্ষণিক প্রক্রিয়ায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মওদুদ জানান, তার কাছে রাজউকের সই করা নকশা আছে— দেশে আইনের শাসন নেই বলেও অভিযোগ করেন।
গত ৭ জুন আইনি লড়াইয়ে হেরে যাওয়ার পর গুলশান–২ নম্বরের ১৫৯ নম্বর বাড়িটি ছাড়তে হয় মওদুদ আহমদকে। রাজউকের সম্পত্তি শাখা বাড়িটি বুঝে নেয়। বাড়ি থেকে মালামাল সরানোর কাজ চলার মধ্যেই ওই দিন সন্ধ্যায় একটি প্রাইভেট কারে করে মওদুদ আহমদ সেখান থেকে চলে যান। ওই বাড়ির মালামাল গুলশান-২-এর ৫১ নম্বর সড়কের ২ নম্বর বাড়ির ছয় তলা ভবনে মওদুদ আহমদের নিজস্ব একটি ফ্ল্যাটে রাখা হয়।
উল্লেখ, ১৯৭২ সাল থেকে গুলশানের বাড়িটিতে বসবাস করে আসছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
প্রথমে ছিলেন ভাড়াটিয়া পরে ভাইয়ের নামে জাল কাগজপত্র তৈরি করে তিনি বাড়িটির মালিকানা দাবি করেন। এভাবে দীর্ঘ ৪৫ বছর বৃহৎ আয়তনের বিলাসবহুল বাড়িটি নিজের দখলে আনেন।