শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন নয়— বুধবার সংবাদ সম্মেলন বিএনপির পক্ষ থেকে আবারো এ কথা বলা হয়েছে।
বুধবার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ঈদ শেষে আবারো কর্মব্যস্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়; আলোচনার অন্যতম ইস্যু জাতীয় নির্বাচন।
সংবাদ সম্মেলনে দলটি দাবি জানিয়েছে, সংবিধান সংশোধন করে নিরপেক্ষ সহায়ক সরকার ব্যবস্থা সংযোজনের।
এছাড়া, বিএনপির অভিযোগ দেশকে আবারও সংঘাতের পথে নিয়ে যেতে চাইছে সরকার। পাতানো নির্বাচন করে গায়ের জোরে ক্ষমতায় থাকতে চাইলে তা প্রতিহতের হুঁশিয়ারিও দিয়েছে দলটি।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়; সারাবছরই কমবেশি আনাগোনা থাকে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের। নানা রকম সভা হওয়ার পাশাপাশি বছর জুড়েই চলে সংবাদ সম্মেলন।
ঈদের আগের দিন রোববারও সংবাদ সম্মেলন হয়েছে; মাঝে শুধু ঈদের দিনের বিরতি। ঈদ পেরুতে না পেরুতেই আবারো কর্মব্যস্ত বিএনপি অফিস।
ঈদের পরদিনই ডাকা হয়েছিল মিডিয়া ব্রিফিং; ব্রিফিং হয়েছে বুধবারও। দলের পক্ষে বক্তব্য-বিবৃতি তুলে ধরছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী; সঙ্গে থাকছেন কেন্দ্রীয় নেতারাও।
জাতীয় নির্বাচন আসন্ন; রাজনৈতিক অঙ্গণে আলোচনা কেবলই নির্বাচন নিয়ে। বিএনপিও নিজেদের আগের অবস্থানেই অনড় থাকার কথা ব্যক্ত করছে।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রেখে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
তিনি আরো অভিযোগ করেন, আবারো ক্ষমতায় যেতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে।
কেবলমাত্র নিরপেক্ষ সহায়ক সরকারই সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবে বলে জানান তিনি।