বিএনপি'র সহায়ক সরকারের দাবিকে আমলেই নিচ্ছে না আওয়ামী লীগ।
দলটির নেতারা মনে করছেন, এ দাবি জিইয়ে রেখে বিএনপি মূলত নিজেদের কর্মীদের চাঙ্গা রাখতে চাইছে।
তাদের মতে, আন্দোলনের পথেও যাবে না বিএনপি আর যদি যায় তার ধরণ বুঝেই কৌশল নেবে আওয়ামী লীগ।
নেতাদের সাফ কথা, নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন, সরকারও থাকবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
গতবার ১৫৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে সরকার গঠন করলেও এ নিয়ে নানা সময়ে নানা প্রশ্নের মুখে দাঁড়াতে হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগকে। তাই এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী খুঁজছেন তারা।
তবে বিএনপির নির্বাচনকালীন 'সহায়ক সরকার' মানতে নারাজ আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দলের জ্যেষ্ঠ নেতা মো. নাসিম ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
সহায়ক সরকারের দাবি তুলে আন্দোলনের হুমকি, কর্মীদের চাঙ্গা রাখতে এটি বিএনপির রাজনৈতিক কৌশল বলে মনে করছেন তারা।
আসলে বিএনপির কোনো দাবি নেই বলে মনে করেন হানিফ।
বিএনপি এবার নির্বাচনে আসবে বলেই আওয়ামী লীগের বিশ্বাস। আর ঈদের পর আন্দোলনের যে হুমকি দেয়া হচ্ছে তার ধরণ দেখে কৌশল নেয়া হবে বলে জানান তিনি।
নির্বাচনের বিষয়ে বিএনপির সকল দাবির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের এক জবাব, সংবিধানের বাইরে যাবার সুযোগ নেই।