জঙ্গিবাদ নস্যাৎ করতে সরকারের সামগ্রিক ও সমষ্টিগত সহায়তা প্রয়োজন থাকলেও এক্ষেত্রে ক্ষমতাসীনরা এগিয়ে আসছে না বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার রাজধানীর গুলশানে হলি আর্টিজানে হামলার বর্ষপূর্তিতে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবদেন শেষে এ কথা বলেন তিনি।
রিজভীর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, প্রগতির ক্ষেত্রে এ হামলা কলঙ্কজনক তিলক।
এ সময় তিনি অভিযোগ করেন, জঙ্গি দমনে যেরকম সমষ্টিগত পদক্ষেপ প্রয়োজন সরকার সেক্ষেত্রে এগিয়ে আসছে না।
রিজভী বলেন, দেশ-বিদেশের এতোগুলো মানুষ উগ্রবাদী জঙ্গিদের হাতে নির্মমভাবে নিহত হওয়া নিঃসন্দেহে আমাদের আবহমান বাংলার যে সংস্কৃতি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং দেশের যে এগিয়ে চলা, আমরা যে সম্প্রীতির পক্ষে, প্রগতির পক্ষে, অগ্রগতির পক্ষে সেখানে কলঙ্ক তিলক তারা এঁকে দিয়েছিল।'
তিনি বলেন, এ ব্যাপারে একটা সামগ্রিক ও সমন্বিত পদক্ষেপের মধ্য দিয়ে দেশের মধ্যে বিভিন্নভাবে যে উগ্রবাদী নেটওয়ার্ক চেপে বসেছে, সেটিকে উৎখাত করা হবে। কিন্তু ক্ষমতাসীনদের দিকে থেকে এ ধরনের কোনো সমন্বিত উদ্যোগ আমরা দেখিনি।
প্রসঙ্গত, গতবছর ১ জুলাই রাত পৌনে ৯টার দিকে জঙ্গিরা হলি আর্টিজান বেকারিতে প্রবেশ করে ২০ বিদেশি নাগরিকসহ ৩০ থেকে ৩৫ জনকে জিম্মি করে রাখে এবং রাতভর হত্যাযজ্ঞ চালায়।
পরদিন শনিবার সকালে রেস্তোরাঁয় জিম্মিদের উদ্ধারে কমান্ডো অভিযান শুরু করে যৌথ বাহিনী। তবে এর আগে শুক্রবার রাতেই জঙ্গিদের সঙ্গে গোলাগুলিতে ডিবির সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান নিহত হন।
অভিযান শেষে যৌথ বাহিনী বিদেশি নাগরিকসহ মোট ১৩ জনকে জীবিত এবং মোট ২০ জনের মরদেহ উদ্ধার করে। অভিযানে ছয় জঙ্গিও নিহত হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: