ডানপন্থি কবি-প্রাবন্ধিক ফরহাদ মজহারকে অপহরণের পেছনে সরকারের হাত রয়েছে বলে আবারো অভিযোগ তুলেছে বিএনপি।
দলটির নেতারা বলেন, নির্বাচনের আগে বিএনপিকে চাপে রাখতে এবং বিরোধী মতের লোকদের ভয় পাইয়ে দিতে সরকার অপহরণের নাটক সাজিয়েছে।
বিএনপি নেতারা সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, এসব করে কোনো লাভ হবে না; নির্বাচন দিতে হবে সহায়ক সরকারের অধীনেই।
ডানপন্থি কবি-প্রাবন্ধিক ফরহাদ মজহার অপহরণের পরপরই সোমবার দলটির পক্ষ থেকে বলা হয়েছিল, তাদের সন্দেহ সরকারের কোনো সংস্থা ওই ঘটনা ঘটিয়েছে। নিখোঁজের ১৮ ঘণ্টা পর নাটকীয়ভাবে ফরহাদ মজহারের সন্ধান পাওয়ার পর আবারও একই অভিযোগ তুলছে দলটি।
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনের ভাসানী ভবনে এক কর্মীসভায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনের আগে বিরোধী রাজনৈতিক দলকে চাপে রাখতে এ নাটক সাজিয়েছে সরকার।
সরকারের কোনো অপকৌশলই কাজে আসবে না বলে মন্তব্য করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি।
সভায় উপস্থিত আরেক বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেলও কথা বলেন, ফরহাদ মজহারের কথিত অপহরণ প্রসঙ্গে।
সহায়ক সরকারের দাবি মেনে না নিলে দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলেও সরকারকে হুঁশিয়ার করে দেন বিএনপির এ নেতা।