ফরহাদ মজহারের অপহরণ রহস্যজনক— তবে এ নিয়ে বিএনপির অভিযোগ সত্য নয় বলে দাবি করেছে আওয়ামী লীগ।
মঙ্গলবার দুপুরে রাজধানীতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন, দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
একই সঙ্গে অর্থপাচার নিয়েও বিএনপির অভিযোগ পাগলের প্রলাপ বলে মন্তব্য করেন তিনি।
কবি-প্রাবন্ধিক ফরহাদ মজহারের কথিত অপহরণ এবং অর্থপাচার নিয়ে আওয়ামী লীগকে দায়ী করে বিএনপির অভিযোগের জবাব দিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ফরহাদ মজহারকে অক্ষত অবস্থায় উদ্ধারের জন্য সরকারের কৃতৃত্ব দাবি করে হাছান মাহমুদ— এ ঘটনায় সরকারের কোনো রকম সম্পৃক্ততা অস্বীকার করেন।
ক্ষমতাসীনরা লুটপাটের অর্থ পাচার করে সুইস ব্যাংকে জমা করছে বিএনপির এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে উল্টো বিএনপিকেই নিজেদের আমলে অর্থ পাচারের জন্য দায়ী করেন তিনি।
তবে বর্তমানে সুইস ব্যাংক, মালয়েশিয়ার সেকেন্ড হোম, সিঙ্গাপুর-কানাডায় যে কারা অর্থপাচার করছে, এমন প্রশ্নের জবাব বাংলাদেশ ব্যাংকই দিতে পারে বলে মন্তব্য করেন হাছান মাহমুদ।
এসব বিষয় নিয়ে কথা বলার আগে, বিএনপিকে নিজেদের কর্মকাণ্ড বিশ্লেষণ করার আহ্বান জানান তিনি।