শোড়ষ সংশোধনীর ইস্যু থেকে জনদৃষ্টি ভিন্ন খাতে নিতেই ফরহাদ মজহারের অপহরণ ঘটনাকে সামনে নিয়ে আসা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পর বুধবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদিকদের তিনি এ কথা বলেন।
এছাড়াও উচ্চ আদালত কিছুটা স্বাধীন হলেও সরকার নিম্ন আদালতে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেন বিএনপির এ মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, এ বিষয়ে সত্য উদঘাটনে সরকারকেই পদক্ষেপ নিতে হবে। শোড়ষ সংশোধনীর ইস্যু থেকে জনদৃষ্টি ভিন্ন খাতে নিতেই ফরহাদ মজহারের অপহরণ ইস্যুকে সামনে নিয়ে আসা হয়েছে। কোনো ঘটনাতেই সরকার সঠিক তথ্য দিচ্ছে না।
শোড়ষ সংশোধনী বিষয়ে আদালতের সিদ্ধান্তে বিচারবিভাগ কিছুটা স্বাধীন হয়েছে— অভিযোগ করে তিনি বলেন, নিম্ন আদালতকে এখনও নিয়ন্ত্রণ করছে সরকার।
নিম্ন আদালতে বিএনপির নেতা-কর্মীদের জামিন দেওয়া হয় না বলেও অভিযোগ করেন তিনি। সরকার নির্বাচন নিয়ে কথা বললেও তার পরিবেশ সৃষ্টি করেনি; আর নির্বাচন নিয়ে সমঝোতা না হলে তার দায় সরকারকেই নিতে হবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।