বন্যাকবলিত এলাকায় সরকারি ত্রাণ একেবারেই অপ্রতুল আবার এসব ত্রাণ আওয়ামী লীগের নেতা-কর্মীরা লুটপাট করছেন—এ অভিযোগ করেছের বিএনপি নেতারা।
দলের নেতারা বলেন, ক্ষমতাসীনদের দুর্নীতির কারণেই চালের দাম নিয়ন্ত্রণে নেই।
শুক্রবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ত্রাণের অভাবে দেশের উত্তরাঞ্ঝলে বন্যা কবলিত মানুষ মানবেতর জীবন যাপন করছেন –এ উদ্বেগ প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বন্যা দুর্গতদের জন্য সরকারের ত্রাণ তৎপরতা একেবারেই অপ্রতুল বলে অভিযোগ করে তিনি বলেন, যে পরিমাণ ত্রাণ দেয়া হচ্ছে তার সিংহভাগই আওয়ামী লীগের নেতারা ভাগ-বাটোয়ারা করে নিয়ে যাচ্ছে।
ক্ষমতাসীন দলের নেতারা একদিকে যেমন অর্থ পাচার করছে অন্যদিকে মালয়েশিয়াতে তাদের সেকেন্ড হোম বানাচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী।
এদিকে, ঢাকা রির্পোটার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানও বন্যাকবলিত এলাকায় সরকারি ত্রাণ নিয়ে ব্যাপক অনিয়ম হচ্ছে বলে অভিযোগ করেন।
সরকারের দুর্নীতির কারণেই দেশে চাল সংকট দেখা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।