ষড়যন্ত্র করে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় নেয়ার বন্দোবস্ত করতে চাইছে নির্বাচন কমিশন ইসি আর সে নীলনকশা বাস্তবায়ন করতেই রোডম্যাপ দিয়েছে তারা এমন অভিযোগ বিএনপির।
রোডম্যাপ নিয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা বলেন, সব দলের সমান সুযোগ সৃষ্টি না করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া প্রহসন ছাড়া কিছু নয়।
আলোচনা করে রাজনৈতিক সমঝোতায় পৌঁছানো এবং প্রয়োজনে সংবিধান সংশোধনের দাবিও জানিয়েছে দলটি।
পরবর্তী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে আগেভাগেই নিজেদের রোডম্যাপ দিয়েছে কমিশন। এ নিয়ে আলোচনা চলছে সব মহলেই।
বিএনপির তরফ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া আসলেও রোডম্যাপ ঘোষণার দুদিন পর মঙ্গলবার দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ব্রিফ করা হয়।
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জ্যেষ্ঠ নেতাদের নিয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় বসানোই নির্বাচন কমিশনের প্রধান উদ্দেশ্য।
রাজনৈতিক সমস্যা সমাধান না করে কমিশন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, সব দলের সমান সুযোগ নিশ্চিতে কাজ করছে না, বর্তমান কমিশনও রকিব কমিশনের পথেই হাঁটছে- এসব অভিযোগও করেন তিনি।
নির্বাচন কমিশন ও সরকারের প্রতি, সংকট নিরসন ও সহায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানে আলোচনার ব্যবস্থা করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপির মওদুদ আহমদ ও মোশাররফ হোসেন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত, প্রয়োজনে সংবিধান সংশোধন করা এবং রাজনৈতিক সমঝোতার উদ্যোগ নেয়ার আহ্বান জানান।
এবার আর প্রহসনের নির্বাচন করতে দেয়া হবে না বলেও সরকারকে হুঁশিয়ার করে দেয়া হয় সংবাদ সম্মেলনে।