বিএনপি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড চাইলেও বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়ে পরিবেশ বিষিয়ে তুলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয় 'ডিজিটাল টাচ অ্যান্ড গো' পদ্ধতিতে মেঘনা সেতুর যানবাহন থেকে টোল আদায় কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরবেন কি না এ নিয়ে জনমনে সন্দেহ দেখা দিয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তাদের লিডার কয় বছর ধরে লন্ডনে আছে? ওয়ান-ইলেভেনের সাজানো গল্প বলছেন, আসল গল্পটা কি ভুলে গেলেন? সত্যটা কি ভুলে গেলেন? রাজনীতি করব না, এই মুচলেকা দিয়ে কে সেদিন লন্ডনে পাড়ি জমিয়েছিল? আজও ফিরে আসেনি।’
তিনি আরো বলেন, বিএনপির চেয়ারপারসন দেশে আসবেন কি আসবেন না, তা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, টুইটারে ভাইরাল হয়েছে। অনেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, তিনি মামলার ভয়ে চলে গেছেন— এ নিয়ে জনমনে সন্দেহ রয়েছে।
বিএনপি যদি বাস্তবতা প্রমাণ করতে পারে তাহলে এই প্রসঙ্গ থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।