আগামী জাতীয় নির্বাচন বানচাল করতে বিএনপি এখন লন্ডন ষড়যন্ত্রে লিপ্ত— এ অভিযোগ ১৪ দলের।
মঙ্গলবার দুপুরে দেশের চলমান বন্যা পরিস্থিতি ও সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করে ১৪ দল।
এক বৈঠক শেষে ১৪ দলের মুখপাত্র মো. নাসিম এ অভিযোগ করেন, ১৯৯১ এর নির্বাচনের আদলে নির্বাচন করতে বিএনপির নীল নকশা প্রতিহতের হুঁশিয়ারি দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে এই নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করবে বলেও প্রত্যাশা নাসিমের।
মো. নাসিম বলেন, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু এই নির্বাচন বানচালে বিএনপি দেশে-বিদেশে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তার।
নির্বাচন কমিশনের রোডম্যাপের প্রতি ১৪ দলের আস্থা আছে—এ কথা জানিয়ে বিএনপির সকল ষড়যন্ত্র প্রতিহতেরও হুঁশিয়ারি দেন নাসিম।
আরেক অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ আদালত অবমাননার অভিযোগ এনে বিএনপি নেত্রী খালেদা জিয়ার গ্রেপ্তার দাবি করেছেন।
সকালে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এক অনুষ্ঠানে হাছান অভিযোগ করেন, বিএনপি নেত্রী লন্ডনে বসে সন্ত্রাসী সংগঠনের সঙ্গে বৈঠক করছেন।
আদালত অবমাননা করে বিদেশ যাওয়ায় খালেদা জিয়াকে গ্রেপ্তারের দাবিও জানান তিনি।