আগামী নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে বিদেশে বসে ষড়যন্ত্রের চোরাগলি খুঁজছে বিএনপি— মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। রোববার সকালে দলের ধানমন্ডি কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভাশেষে সংবাদ সংম্মেলনে তিনি এ কথা বলেন।
দেশের বিদ্যমান আর বন্যা পরিস্থিতি আর সবশেষ রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা হয় সভায়। এছাড়াও বগুড়ায় নারী নির্যাতনের ঘটনায় দলের সহযোগি সংগঠনের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এবং সাভারের সংসদ সদস্য ডা এনামুর রহমানকে ক্রসফায়ার নিয়ে পত্রিকায় করা মন্তব্যের জন্য শো-কজ করার বিষয়ে সিদ্ধান্ত হয় সভায়।
সভাশেষে সংবাদ ব্রিফিংয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেত্রীর লন্ডন সফরে নিয়ে সামাজিক ও গণমাধ্যমগুলোতে যেসব খবর আসছে তা খতিয়ে দেখছে সরকার ও যুক্তরাজ্যের আওয়ামী লীগ শাখা।
তিনি অভিযোগ করেন, ষড়যন্ত্রের গলি দিয়ে ক্ষমতায় যেতে চাইছে বিএনপি। হাওয়া ভবনের জন্য দেশের মানুষ এখন আর আওয়ামী লীগের বিকল্প হিসেবে বিএনপিকে ভাবছে না।