লন্ডনে বসে খালেদা জিয়া পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সঙ্গে বৈঠক করেছেন-এমন খবরকে ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছে বিএনপি। দলটির অভিযোগ, আগামী নির্বাচন এবং সহায়ক সরকারের বিষয় থেকে জনদৃষ্টি ভিন্নখাতে নিতেই মিথ্যা প্রচারণা চালাচ্ছে ক্ষমতাসীন দল।
রোববার কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ষড়যন্ত্র করে নয় বরং জনগণের ভোটেই ক্ষমতায় যাবে বিএনপি। আগামী নির্বাচন এবং সহায়ক সরকারের ইস্যু থেকে জনদৃষ্টি ভিন্নখাতে নিতেই ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছে ক্ষমতাসীন দল।
জনগণের সমর্থন নিয়েই বিএনপি ক্ষমতায় এসেছে— দাবি করে তিনি বলেন, আগামীতেও জনগণের ম্যান্ডেট নিয়েই রাষ্ট্রক্ষমতায় যাবে তাদের দল।
সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে কমিশনের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়াও বগুড়ায় মা-মেয়েকে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন বিএনপির মহাসচিব। চিকিৎসার জন্য এখন লন্ডনে আছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। সেখানে তিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সঙ্গে বৈঠক করেছেন সম্প্রতি এমন অভিযোগ করেন আওয়ামী লীগের নেতারা।
এদিকে, এই নিয়ে সংবাদও প্রকাশিত হয় গণমাধ্যমে। এ বিষয়ে দলের অবস্থান তুলে ধরতে রোববার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই খবরকে বানোয়াট বলে দাবি করেন।