কোনো সহায়ক সরকার নয়, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেছেন বাম দলের নেতারা।
নেতারা আরো বলেন, দেশের বড় দুই রাজনৈতিক দলের কাছে ভোটাধিকার, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত নয়। তাই বিকল্প শক্তি হিসেবে বাম ধারাকেই ঐক্যবদ্ধ হতে হবে।
মঙ্গলবার রাজধানীর মুক্তিভবনে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার উদ্যোগে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নেতারা।
সংবাদ সম্মেলনে বর্তমান ও বিগত সরকারগুলোর সীমাহীন দুর্নীতি, দুঃশাসনে জনগণ আজ দিশেহারা বলে উল্লেখ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
তিনি জানান, বাম দলগুলোর ঐক্যবদ্ধ হয়ে বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে।
তারা দেশের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে বেশ কিছু দাবি তুলে ধরেন।
এসময় কোনো সহায়ক সরকার নয়, আগামী জাতীয় নির্বাচনকে পেশীশক্তি ও সাম্প্রদায়িকতামুক্ত করতে হলে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই বলে জানান বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।