সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে উচ্চ আদালতের রায় এবং পর্যবেক্ষণের পর সরকারের ক্ষমতায় থাকার নৈতিক ভিত্তি নেই বলে মনে করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের পদত্যাগও দাবি করেন।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
জাতীয় নির্বাচন হতে হবে সহায়ক সরকারের অধীনেই—এছাড়া, সরকারবিরোধী যেকোনো গণতান্ত্রিক জোটকে স্বাগত জানানোর কথাও বলেন বিএনপির মহাসচিব।
দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন এবং সাংগঠনিক বিষয়ে আলোচনা করতে বৃহস্পতিবার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসেন বিএনপির সম্পাদকমণ্ডলীর সদস্যরা।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আলোচ্য বিষয় এবং গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করা হয় সাংবাদিকদের।
সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে উচ্চ আদালতের রায় এবং পর্যবেক্ষণের বিষয়টি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, উচ্চ আদালতও মনে করে দেশে গণতন্ত্র এবং মানবাধিকার নেই।
এ রায়ের পর সরকারের ক্ষমতায় থাকার নৈতিক ভিত্তি নেই মন্তব্য করে সরকারকে পদত্যাগের আহ্বান জানান বিএনপির মহাসচিব।
বুধবার রাতে সাবেক রাষ্ট্রপতি, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় কয়েকজন নেতার বৈঠক এবং নতুন জোট গঠনের গুঞ্জনের পরিপ্রেক্ষিতে বিএনপির প্রতিক্রিয়া জানতে চাইলে তারও জবাব দেন তিনি।
দেশে গণতন্ত্রের স্বার্থে সমঝোতার পথে এসে সহায়ক সরকারে অধীনে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।