ষোড়শ সংশোধনী বাতিল নিয়ে বিএনপি আশার আলো দেখলেও তা দূরাশা ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে শেখ কামালের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
আন্দোলনের নতুন কোনো ইস্যু খুঁজে না পেয়ে বিএনপি দেশে-বিদেশে ষড়যন্ত্র করছে বলেও এ সময় মন্তব্য করেন সেতুমন্ত্রী।
ষোড়শ সংশোধনী বাতিল হওয়ায় বিএনপি খুশি হয়েছে এ কথা উল্লেখ করে কাদের বলেন, ‘কেউ কেউ ষোড়শ সংশোধনী বাতিল হওয়ায় মহাখুশি এরা এভাবেই খুশি হয়। আনন্দের জগাই-মাধাই শুরু হয়েছে। কিছুক্ষণ আগে একজন বলে গেছেন, তারা (বিএনপি) আশার আলো দেখছেন। অন্য ইস্যু মরে গেছে। এই আশার আলো অচিরেই নিভে যাবে। জনগণকে সঙ্গে নিয়ে আসুন। ঘটনায় আর দুর্ঘটনায় ইস্যু খুঁজে লাভ নাই।’
কাদের বলেন, রাজনীতির কৌশলগত পরিবর্তন হলেও আদর্শগত দিক থেকে আওয়ামী লীগ কখনো পরিবর্তন হবে না।
ফলে বিচ্ছিন্ন কিছু ঘটনার জন্য আওয়ামী লীগকে ভুল না বোঝার আহ্বান জানান মন্ত্রী।