নির্বাচন কমিশন (ইসি) একাদশ নির্বাচন নিয়ে সংলাপের নামে তামাশা করছে বলে অভিযোগ করেছে বিএনপি। কমিশন আবারো একতরফা নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য দলটির নেতাদের।
সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক স্মরণ সভায় দলটির নেতারা নির্বাচন কমিশনের সমালোচনা করে এ কথা বলেন।
এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র করছে কমিশন।
তিনি আরো বলেন, ক্ষমতাকে চিরস্থায়ী করতে প্রধানমন্ত্রী ইচ্ছেমতো দেশের শাসনতন্ত্র পরিবর্তন করছেন। নিজেদের স্বার্থে অনুগত কমিশন নিয়োগ দিয়েছে আওয়ামী লীগ।
ষোড়শ সংশোধনী নিয়ে উচ্চ আদালতের রায় এবং এর পর্যবেক্ষনের পর ক্ষমতাসীন দলের পদত্যাগ করা উচিৎ বলেও মন্তব্য করেন দলটির এ যুগ্ম মহাসচিব।
সভায় বিএনপির আরেক নেতা হাবিব উন নবী খান সোহেল বলেন, জনগণই আওয়ামী লীগের সকল অন্যায় অপকর্মের জবাব দেবে।