সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে অশালীন ও বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে সরকার দলীয় নেতা-মন্ত্রীরা বিচারবিভাগকে বিতর্কিত করা চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল শেষে তিনি এ কথা বলেন।
ষোড়শ সংশোধনী নিয়ে মির্জা ফখরুল বলেন, সরকারের এ ধরনের বক্তব্য আদালত অবমাননার শামিল। সংবিধনের ষোড়শ সংশোধনী বাতিল করে দেওয়া উচ্চ আদালতের রায় এবং পর্যবেক্ষণের পর একে বিএনপি স্বাগত জানালেও ভালোভাবে নেয়নি সরকার।
প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে খাদ্যমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করেন তিনি বলেন, প্রধান বিচারপতির পদত্যাগ চেয়ে দেয়া ক্ষমতাসীন দলের মন্ত্রীর বক্তব্য বিচার বিভাগের জন্য হুমকি।
রাজনৈতিক সংকট নিরসনে সহায়ক সরকারের অধীনে নির্বাচন দাবিও করেন বিএনপির এ মহাসচিব।
এর আগে সকালে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের আরেক নেতা রুহুল কবির রিজভী খাদ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বলেন, বিচার বিভাগের জন্য হুমকি।
রিজভী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক ষোড়শ সংশোধনীর আপিল বিভাগের রায়ের সমালোচনা করেছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে এবিএম খায়রুল হক গণতন্ত্রকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন।
বর্তমান রাজনৈতিক অচলাবস্থা এবং সংঘাতময় পরিস্থিতির জন্য তাকেই দায়ী করেন বিএনপির এ সিনিয়র যুগ্ম মহাসচিব।