রাজনৈতিক দল ও জাতীয় সংসদে এক ব্যক্তির ক্ষমতা দেশের সংবিধানকে করেছে অগণতান্ত্রিক। মুক্তিযুদ্ধের পর ৪৬ বছরেও নিশ্চিত হয়নি জনগণের ক্ষমতায়ন।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘ষোড়শ সংশোধনী বাতিল এবং গণতান্ত্রিক সংবিধানের প্রয়োজনীয়তা’ শীর্ষক এক সংলাপে অংশ নেন আইনজ্ঞ, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও নাগরিক সমাজের প্রতিনিধিসহ অনেকেই।
রাজনীতিবিদদের ক্ষমতা আঁকড়ে থাকার অভিপ্রায়ের কারণে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা ভূলুন্ঠিত হচ্ছে বলে অভিমত বক্তাদের। ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে কোনো সমালোচনা না করতেও সব মহলের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে উচ্চ আদালতের রায় এবং পর্যবেক্ষণের পর এ নিয়ে আলোচনা সর্বত্র। সরকার থেকে শুরু করে রাজনৈতিক দল, আইনজ্ঞ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা রায়ের পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরছেন।
সংবিধান বিষয়ে নানা মত তুলে ধরেন বক্তারা বলেন, রাজনৈতিক দল ও জাতীয় সংসদে ক্ষমতার ভারসাম্য না থাকায় স্বাধীনতার এতো বছর পরও নিশ্চিত হয়নি জনগণের ক্ষমতায়ন।
সংবিধানকে অগণতান্ত্রিক বলে মন্তব্য করেন বক্তারা আরো বলেন, ক্ষমতার লোভে ভূলুন্ঠিত করা হচ্ছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা। প্রতারণা করা হচ্ছে জনগণের সঙ্গে।
সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক আমীন আল রশীদ। জাতীয় সংসদে ক্ষমতার ভারসাম্য আনা এবং জনগণের ক্ষমতায়ন নিশ্চিতের দাবি উঠে আসে সংলাপে।