ষোড়শ সংশোধনীর রায়ের পর সরকার ক্ষমতায় থাকার নৈতিক বৈধতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, সরকার টিকে আছে বন্দুকের জোরে।
রাস্তাঘাটের বেহাল দশার জন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পদত্যাগ দাবি করেছেন বিএনপির মহাসচিব।
এছাড়া, গণতন্ত্র রক্ষার লড়াইয়ে শামিল হতে নেতা-কর্মীদের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।
লন্ডনে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় শনিবার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে যুবদল।
এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতারাও অংশ নেন।
দোয়া মাহফিলের আগে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে বিএনপির চেয়ারপানসন খালেদা জিয়ার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ক্ষমতাসীন দলের নেতারা।
সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় নিয়ে সরকারের মন্ত্রীদের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এ রায় এবং পর্যবেক্ষণের পর সরকারের ক্ষমতায় থাকার নৈতিক ভিত্তি নেই।
সরকারের অব্যবস্থাপনায় সারাদেশে রাস্তা ঘাটের বেহাল দশা হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব।
জনগণের অধিকার আদায়ে সোচ্চার হতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।