ষোড়শ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার পাশাপাশি রায়ের পর্যবেক্ষণে অপ্রসাঙ্গিক বিষয়গুলোকে বাতিলের দাবি জানিয়েছে কেন্দ্রীয় ১৪ দল।
রোববার দুপুরে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে সভা করে ১৪ দলের কেন্দ্রীয় নেতারা বলেন, এ রায়ের মধ্য দিয়ে অশুভ শক্তিকে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে উৎসাহিত করবে। বিএনপি-জামাতের অপরাজনীতিকে সমর্থন করছে এ রায়। ষোড়শ সংশোধনী সঠিক, যা বিচাপরতিদের যথাযথ সম্মান দেয়।
সভাশেষে সংবাদ সম্মেলনে জোটের মুখপাত্র মোঃ নাসিম জানান, এ রায়ে সার্বভৌম সংসদকে ইচ্ছাকৃতভাবে অবমাননা করা হয়েছে, অনুসরণ করা হয়েছে সামরিক শাসনকে। বিএনপি এ রায় নিয়ে চক্রান্ত করছে বলে অভিযোগ করেন তিনি।
জোট নেতারা জানান, উদ্দেশ্যপ্রণোদিত এ রায়ে মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয়গুলোকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। উৎসাহিত করা হয়েছে হিংসার রাজনীতিকে।
ষোড়শ সংশোধনীর বাতিলের রায়কে পক্ষপাতদুষ্ট উল্লেখ করে এটি পুনর্বিবেচনার দাবি জানান ১৪ দলের নেতারা।
ষোড়শ সংশোধনীর বাতিলের রায়কে জনঅধিকার হরণের রায় আখ্যা দিয়ে ১৪ দল নেতারা জানান, এর ফলে পুরো বাংলাদেশ সংক্ষুব্ধ।