এবারো পনেরোই আগস্ট শোকের দিনে নিজের জন্মদিন পালন করেননি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দলীয়ভাবেও কেক কেটে পালিত হয়নি জন্মদিন। এ দিনের আনুষ্ঠানিকতা সীমাবদ্ধ থেকেছে শুধুই দোয়া ও মিলাদ মাহফিলের মধ্যে।
দলটির পক্ষ থেকে বলা হয়েছে, দেশের বন্যা পরিস্থিতির কারণে ১৫ আগস্ট জন্মদিনের অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি চেয়ারপারসন। তবে, দেশে কেক কাটার আনুষ্ঠানিকতা না থাকলেও যুক্তরাষ্ট্রে কেক কেটে দলের চেয়ারপারসনের জন্মদিন উদযাপন করেছেন নেতা-কর্মীরা।
পনেরোই আগস্ট শোকাবহ দিন; সপরিবারে হত্যাকাণ্ডের শিকার হন বঙ্গবন্ধু। আর এদিনেই কেক কেটে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উদযাপন। এ নিয়ে দ্বন্দ্ব লেগেই আছে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপিতে। ১৯৯১ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর ১৯৯৩ সালের ১৫ আগস্ট থেকে জন্মদিন উদযাপন শুরু করে নিয়মিতভাবে তা উদযাপন করা হলেও গত কয়েক বছর ধরে কেক কেটে জন্মদিন পালন করছেন না খালেদা জিয়া। আর এবার তিনি চিকিৎসার জন্য অবস্থান করছেন লন্ডনে।
কেক কেটে জন্মদিন পালন না করার নির্দেশনা ছিল সব পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি।
এর কারণ জানতে চাইলে দলের পক্ষ থেকে বলা হয় দেশের অবনতিশীল বন্যা পরিস্থিতির জন্য এ সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির চেয়ারপারসন বলে জানান দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
কেক কাটার আনুষ্ঠানিকতা না থাকলেও সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে দলের তার জন্মদিন পালন করেছে বিএনপি।
মঙ্গলবার রাজধানীতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদে অংশ নেন বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানান, দলের চেয়ারপারসনের নির্দেশনায় এবার কেক না কেটে দোয়া মাহফিলে সীমাবদ্ধ থেকেছেন তারা।
দেশে কেক কাটার আনুষ্ঠানিকতা না থাকলেও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কেক কেটে খালেদা জিয়ার জন্মদিন উদযাপন করেছেন নেতা-কর্মীরা।