দলের চেয়ারপারসন খালেদা জিয়া দেশে না থাকায় তার পক্ষ থেকে দেশবাসীকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতারা।
নেতা শ্রদ্ধা জানিয়েছেন দলের প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে।
এ সময় বন্যাসহ নানা কারণে বিপর্যস্ত দেশের মানুষ— এছাড়া নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাঁড়াতেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি নেতারা।
প্রতিবছর ঈদে দল ও জোটের নেতা-কর্মী, বিদেশি কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির চেয়পারপারসন খালেদা জিয়া। ঈদের শুভেচ্ছা জানান দেশবাসীকে। কিন্তু এবার তিনি চিকিৎসার জন্য লন্ডনে থাকায় দেশে অনুষ্ঠিত হয়নি শুভেচ্ছা বিনিময়। এমনকি লন্ডনেও কোনো অনুষ্ঠান রাখেননি খালেদা জিয়া। তবে, গণমাধ্যমে বিবৃতি দিয়ে এবং টুইট করে দেশবাসী এবং দলের নেতা-কর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
বিএনপির চেয়ারপারসন দেশে না থাকায় দলের প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। খালেদা জিয়ার পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দলটির নেতারা।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ঈদের দিনেও ভালো নেই দেশের মানুষ।
রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে এবং এ বিষয়ে কূটনৈতিক তৎপরতা বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এ নেতা ।
এছাড়া, আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ও শান্তি-শৃঙ্খলা ফেরানোর প্রত্যয়ের কথাও জানান তিনি।