ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ করার কথা ভাবছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরই মধ্যে রায়ের সত্যায়িত কপি চেয়ে আবেদন করা হয়েছে। হাতে পেলেই তা পর্যালোচনা করে রিভিউ পিটিশন করা হবে।
এছাড়াও সংবিধানের মূল অনুচ্ছেদ পুনঃস্থাপন করাকে কেন অবৈধ বলা হয়েছে সে বিষয়টিকেও বিবেচনা করা হচ্ছে। রিভিউ কখন করা হবে তা নিয়ে দলে আলোচনা হবে বলে জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
গত ১ আগস্ট, সংবিধানের ষোড়শ সংশোধনী সুপ্রিম কোর্ট বাতিল করে দেয়ার পর থেকেই এ রায়ের কিছু পর্যবেক্ষণ নিয়ে প্রধান বিচারপতির কড়া সমালোচনা করছে সংক্ষুব্ধ ক্ষমতাসীন আওয়ামী লীগ।
এ রায়ের পর্যবেক্ষণে এমন সব বিষয় উঠে এসেছে যা অপ্রাসঙ্গিক— হানিফ জানান, এ রায়ের বিরুদ্ধে রিভিউয়ের কথা ভাবছে দল।
দলের আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম জানান, বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে এটি বাহাত্তরের সংবিধানেই ছিল। সংবিধানের মূল অনুচ্ছেদ ষোড়শ সংশোধনীতে পুনঃস্থাপিত করা হয়েছে মাত্র। কেন এটিকে অবৈধ বলা হলো, সে ব্যাপারেও ভাবা হচ্ছে।
এরইমধ্যে রায়ের সত্যায়িত কপি চেয়ে আবেদন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, কখন রিভিউ করা হবে সেটি আলোচনা করে ঠিক করা হবে।
এদিকে, বঙ্গভবনে রাষ্ট্রপতি ও গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধান বিচারপতি।
কথা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার সঙ্গেও। মনে করা হচ্ছে, এর মধ্য দিয়ে ষোড়শ সংশোধনী বাতিলের ইস্যুতে চলমান উত্তাপ কিছুটা কমে আসবে।