বিএনপিকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই— বিএনপি জনগণের দল, বারবার জনগণের ভোটে নির্বাচিত হয়ে এ দল সরকার গঠন করেছে বলে মন্তব্য করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায় এ কথা বলেন তিনি।
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, বিএনপি নোংরা রাজনীতি করে না। আওয়ামী লীগই নোংরা রাজনীতি করে। বিএনপি একটি উদারপন্থী, গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপিতে সাম্প্রদায়িকতার লেশমাত্র নেই।
তিনি আরো বলেন, বিএনপি রাজপথে নেমে এলে এবং নির্বাচনে গেলে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না— এ কারণে ক্ষমতাসীনেরা বিএনপিকে ভয় পায়।
ফখরুল দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই সরকারকে রুখে দাঁড়াতে হবে। নির্বাচন আদায় করে নিতে হবে। সে নির্বাচন হতে হবে নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে।
রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়ার পাশাপাশি কূটনৈতিক চাপ সৃষ্টি করে তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর উদ্যোগ নেয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।