ত্রাণের নামে যেন কেউ চাঁদাবাজিতে না জড়ান সেদিকে খেয়াল রাখতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে রাজধানীতে আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক উপ কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
রোহিঙ্গা ইস্যুতে ভারতের পর চীনও বাংলাদেশের পাশে দাঁড়াবে এ আশা প্রকাশ করে তিনি বলেন, মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ ক্রমেই বাড়ছে।
এ সময় তিনি অভিযোগ করেন, বিএনপি রোহিঙ্গাদের ত্রাণের নামে রাজনীতি করতে কক্সবাজারে গিয়েছিল।
হাওরে অকাল বন্যার পর উত্তর-উত্তর পূর্বাঞ্চলে বন্যা আর সবশেষ রোহিঙ্গা ইস্যু নিয়ে সকালে দলের ধানমন্ডি কার্যালয়ে সভা করে আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক উপ কমিটি।
সভার সূচনা বক্তব্যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এ ইস্যুতে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ ক্রমশই বাড়ছে। বাংলাদেশের পাশে রয়েছে ভারত আর চীনকেও পাওয়া যাবে বলে আশাবাদ তার।
তিনি অভিযোগ করেন, রোহিঙ্গা শরণার্থীদের পাশে যেভাবে দাঁড়িয়েছে আওয়ামী লীগ তার প্রশংসা সারাবিশ্ব করলেও বিএনপি ব্যর্থ বলছে।
ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ দেয়া হচ্ছে জেলা প্রশাসনের একটি কমিটির মাধ্যমে কিন্তু সেখানে কোনো নিয়ম না মেনেই বিএনপি ত্রাণ দিতে গেছে যা লোক দেখানো।