রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকারকে এখনই একটি ওয়ার্কিং কমিটি গঠন করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার রাজধানীর সেগুনবাগিচায় একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আলমগীর বলেন, রোহিঙ্গা সংকট মোকাবেলায় সরকার জাতীয় ঐক্য তৈরিতে ব্যর্থ হয়েছে।
প্রয়োজনে প্রধানমন্ত্রীকে বিভিন্ন রাষ্ট্র প্রধানদের সঙ্গে ইস্যুটি নিয়ে জোরালো পদক্ষেপ নেয়ার কথাও বলেন তিনি।
এদিকে, সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের প্রতিনিধি দলের কাছে বাংলাদেশ সরকারের প্রস্তাব জোরালোভাবে উত্থাপনের আহ্বান জানান বিএনপি নেতারা।
এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, মিয়ানমারের নাগরিকরা ভবিষ্যতে বাংলাদেশের জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে এজন্য যতদ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করতে হবে।
অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, মিয়ানমারের প্রতিনিধি দলের কাছে এই সংকট নিয়ে জোর প্রতিবাদ করতে হবে।
সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভার আয়োজন করে বিএনপির সুইডেন শাখা এতে দলটির নেতাকর্মীরা অংশ নেন।
মিয়ানমারের প্রতিনিধি দলের কাছে এ সংকট নিয়ে সরকারকে শক্ত অবস্থান নেয়ার দাবি জানান রিজভী।