চট্টগ্রামে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দুটি অনুষ্ঠানস্থল থেকে লেবার পার্টির কেন্দ্রীয় চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম প্রেসক্লাব ও নাসিমন ভবন এলাকা থেকে তাদের আটক করা হয়।
চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে লেবার পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রুহুল কবির রিজভী।
ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রেসক্লাব এলাকায় জড়ো হওয়ার চেষ্টা সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং তিন জনকে আটক করে।
ওই আলোচনা সভা শেষ করে রিজভীসহ চট্টগ্রাম নগর বিএনপির নেতারা বের হওয়ার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়।
এসময় লেবার পার্টির চেয়ারম্যান ইরানসহ চার জনকে আটক করে পুলিশ।
অন্যদিকে নগর বিএনপির কার্যালয়ে বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়ার সময়ও তিন জনকে আটক করা হয়।